নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মোমেনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর পুষনা গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতের খাবার খেয়ে তিনি এবং তার স্বামী ঘুমিয়ে পড়েছিল। রাত দেড়টার দিকে হঠাৎ করে কিছু একটা কামড় দিয়েছে বলে চিৎকার করতে থাকেন মোমেনা বেগম। এ সময় প্রতিবেশীরা এসে চিৎকারের কারণ জানতে চাইলে পায়ে কি যেন কামড় দিয়েছে বলে জানান তিনি। এ সময় বিছানার উপর একটি বিষধর সাপ দেখতে পায় তারা। পরে মোমেনা বেগমকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ দিকে রংপুর মেডিক্যালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।