নেত্রকোণার পূর্বধলায় ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে সানি (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার এ ঘটনা ঘটে। তিনি উপজেলার খলিশাউড় ইউনিয়নের রাজীবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন যাবৎ মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

অপরদিকে সড়ক দুর্ঘটনায় চৈতি (৮) নামের শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নারান্দিয়া বাজারে রাস্তা অতিক্রমকালে প্রাইভেটকারের ধাক্কায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খাগরিয়া গ্রামের রমেশ রবিদাসের মেয়ে।

স্থানীয় ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল পৌনে ১১টায় ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের নারান্দিয়া বাজার নামক স্থানে নেত্রকোণাগামী একটি প্রাইভেট (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৮১১) মেয়েটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।