টাঙ্গাইলের সখীপুরে প্রস্তাবিত বড়চওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র বহাল রাখার দাবি জানিয়ে ওই ওয়ার্ডের সহস্রাধিক ভোটারের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ আবেদন করা হয়।
কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াদুদ জামান ভোটারদের পক্ষে এ আবেদন করেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি উপজেলা ৬ নম্বর কালিয়া ইউনিয়ন ভেঙে কালিয়া ও প্রস্তাবিত বড়চওনা ইউনিয়ন নাম করণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান উপজেলা নির্বাহী অফিসার। এতে প্রস্তাবিত বড়চওনা ইউনিয়ন পরিষদের গণশুনানির রায়ে মনোনিত ২ নম্বর ওয়ার্ড চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির নাম স্থগিত করে অযৌক্তিকভাবে সুলতান নগরে একটি বেসরকারি কিন্ডারগার্টেনকে ভোটকেন্দ্র করে প্রস্তাব পাঠানো হয়। যা সম্পূর্ণ বনবিভাগের জমির ওপর নির্মিত। ইতোমধ্যেই ওই কিন্ডারগার্টেনটি উচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেছে সাগরদিঘী বিট কর্মকর্তা। ওই আবেদনে এলাকার সর্বসাধারণ গণশুনানির রায়ে নির্ধারিত চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বহাল করার জোর দাবি জানান।
এ ব্যাপারে কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলমগীর হোসেন বলেন, ইউনিয়ন বিভক্তির প্রস্তাব পাঠাবার আগেই কুতুবপুর বাজারে ইউনিয়ন ও ওয়ার্ডগুলোর নামকরণের বিষয়ে হাজারো মানুষের উপস্থিতিতে গণশুনানী অনুষ্ঠিত হয়। ওই গণশুনানীর রায়ে প্রস্তাবিত বড়চওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নির্ধারণ করা হয়। পরবর্তীতে এ কেন্দ্রটি পরির্বতন করা যুক্তিসংগত হয়নি।
কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াদুদ জামান বলেন, চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র ঠিক রাখার যৌক্তিক দাবি জানিয়ে ওই ওয়ার্ডের সহস্রাধিক ভোটারের স্বাক্ষরসহ জেলা প্রশাসক ও বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে।
বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ ও কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল একই সুরে চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বহাল রাখার দাবি জানান।
সাগরদিঘী বিট কর্মকর্তা সিদ্দিক হোসেন বলেন, কিন্ডারগার্টেনটি বনবিভাগের জমির ওপর গড়ে উঠেছে। অচিরেই সেটি উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হবে।
আবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারি বলেন, ওই দু’টি ইউনিয়ন, ভোটার তালিকা ও ওয়ার্ডগুলোর নামকরণের গেজেট প্রকাশ হয়েছে। নির্বাচনের সময় ভোটকেন্দ্র মনোনিত করবেন নির্বাচন কর্মকর্তা। এতে আমার কিছু করার নেই।






