পুলিশের কাজে বাঁধা, উচ্ছৃঙ্খল আচরণ ও পুলিশভ্যানের ড্রাইভারকে মারধরের অভিযোগে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন পন্ডিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধের সামনে পুলিশের কাজে বাঁধা, উচ্ছৃঙ্খল আচরণ এবং পুলিশভ্যানের ড্রাইভারকে মারধরের ঘটনা ঘটে।

গ্রেফতার সুমন পন্ডি আশুলিয়ার চাকলগ্রাম এলাকার মৃত শাহ আলমের ছেলে। সে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, সোমবার বিকেল সারে ৪টার দিকে জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মারধর করছে। জরুরি সেবা ৯৯৯-এর সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছা মাত্রই লোকজন পুলিশের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং পুলিশের কাজে বাঁধা দেন। এ সময় পুলিশভ্যানের ড্রাইভার রাশিদুলকে এলোপাথারি মারধর করেন। পরে ঘটনাস্থল থেকে সুমন পন্ডিকে আটক করলেও বাকিরা দৌড়ে পালিয়ে যায়। আহত রাশিদুলকে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার আশুলিয়া থানার একটি মামলা দায়ের করা হয়েছে।