শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে মঙ্গলবার বিকেলে পুকুরের পানিতে ডুবে চাচাতো-জেঠাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পানিহাতা দক্ষিণ পাড়া গ্রামের আছমত আলীর আড়াই বছরের ছেলে মাসুম মিয়া ও আলী আকবরের তিন বছর বয়সী ছেলে রাব্বি দুই চাচাতো-জেঠাতো দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। এর এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।

তাদেরকে না দেখে বাড়ির লোকজন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। পরে পুকুরের পানিতে তাদের ভেসে উঠতে দেখে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল বলেন, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।