নওগাঁর মান্দায় আব্দুস সাত্তার মোল্লা নামে বীর মুক্তিযোদ্ধার জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার তার ভোগদখলীয় সম্পত্তি উদ্ধারসহ প্রতিপক্ষের নির্মিত স্থাপনা অপসারণে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। বুধবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এ অভিযোগ করেন।
তিনি উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মৃত বিরাজ উদ্দিন মোল্লার ছেলে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ১৯৮৪ সাল থেকে তাদের ভোগদখলীয় সম্পত্তিতে প্রতিপক্ষের রেজিয়া হক ময়না জবর দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন। এমতাবস্থায় বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
তবে প্রতিপক্ষের রেজিয়া হক ময়নাসহ অন্যরা তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিন্তু বিবাদমান সম্পত্তি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকায় বিষয়টির সমাধান করা সম্ভব হয়নি।



