ভোলার লালমোহনে ছোট ভাইয়ের নেয়া সুদের টাকা দিতে না পারায় মো: শাহাজান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাজান মিয়া ওই গ্রামের মফিজ সর্দারের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ভানু বিবি মামলা করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহাজান মিয়ার ছোট ভাই আবুল কালাম একই গ্রামের মো: জাহাঙ্গীর সর্দারের ছোট ভাই প্রবাসী আলমগীরের কাছ থেকে সুদে টাকা নেন। আবুল কালাম সুদের টাকা সময়মতো পরিশোধ করতে না পেরে আরো এক মাস সময় চান। কিন্তু সময় না দিয়ে বুধবার সকালে আলমগীর তার ভাই জাহাঙ্গীরের মাধ্যমে আবুল কালামের বড় ভাই শাহাজান মিয়ার জমি দখলে নিতে মাটি কাটতে থাকেন। ওই সময় শাহাজান বাঁধা দিলে তাকে বেধড়ক মারধর করেন জাহাঙ্গীর ও তার লোকজন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, বিষয়টি তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।