চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারের পাবলিক টয়েলেটের পাশ থেকে দধি বিক্রেতা নারায়ন ঘোষের বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

শহরের বিপণীবাগ বাজারের টিপটপ সেলুনে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর ওই সেলুন থেকেও হত্যার আলামত সংগ্রহ করেছে থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

খুন হওয়া দধি বিক্রেতা চাঁদপুর শহরের ঘোষপাড়া মৃত যোগল কৃষ্ণ ঘোষের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দধি, মাঠার ব্যবসা করে আসছিলেন। নারায়ণ ঘোষের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

অপরদিকে ঘটনার পর থেকে কৃষ্ণ কর্মকারের টিপটপ সেলুনের কর্মচারী সন্দেহভাজন রাজু শীল পলাতক রয়েছে।

রাতের পাহাড়াদার প্রত্যক্ষদর্শী একজন পুলিশের কাছে বিবরণ দিতে গিয়ে বলেছেন, বুধবার দিবাগত মধ্যরাতে বিপনীবাগ টিপটপ সেলুনের কর্মচারী রাজু শিল সেলুন থেকে বস্তা ভর্তি করে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছিলেন। দাড়োয়ান দূর থেকে জিজ্ঞাসা করলে সে ময়লা ফেলছে বলে জানায়। পরে সেলুন পানি দিয়ে ধুতেও দেখেছে পাহাড়াদার।

নিহতের ছেলে রাজু জানান, রাতে বাবা ঘর থেকে বের হন। আর ফিরেননি। সকালে এসে দেখি বাবাকে মেরে বস্তায় রেখে দিয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো কোনো বস্তু দ্বারা গলাকেটে তাকে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়াও পিবিআই, ডিবির তদন্তকারী দল কাজ করেছে।