নোয়াখালীর বেগমগঞ্জে ১০ টাকা রিকশাভাড়া বেশি চাওয়ায় বাগ্বিতণ্ডার জেরে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক মো: আবুল হোসেন (৩৫) চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর পৌনে ২টার দিকে রিকশাচালক আবুল হোসেন চৌমুহনী রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে নিয়ে গনিপুর গ্রামে যান। একপর্যায়ে ওই যাত্রীর সাথে ভাড়া নিয়ে তার বাগ্বিতণ্ড হয়। পরে ওই যাত্রী ১০ টাকা রিকশাভাড়া বেশি চাওয়ার জেরে বাড়ি থেকে দা এনে রিকশাচালকের গলায় কোপ দেয়। এতে তার শ্বাসনালীর কিছু অংশ কেটে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া গেছে। কিন্তু কেউ বাদী হয়ে মামলা না করা পর্যন্ত তার নাম প্রকাশ করা যাবে না।






