মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত দুই কন্টেইনার বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টম হাউজের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই শুল্ক কর্মকর্তা জানান, ‘ডায়েড ওভেন কটন ফেব্রিক্স’ ঘোষণায় কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার লিমিটেডের নামে চীন থেকে চালানটি বন্দরে আসে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ কন্টেইনার দু’টি শতভাগ কায়িক পরীক্ষার জন্য খোলা হয়। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের হালিশহরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলমগীর অ্যান্ড সন্স লিমিটেড।
দুই কন্টেইনারে কী পরিমাণ সিগারেট রয়েছে তা গণনা শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি নয়া দিগন্তকে জানান।






