বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে ভোলা দাস (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন সাতরে উঠে এলে তাদের স্থানীয়রা নারী ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রোববার দুপুরে আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভোলা দাস আশুলিয়ার জিরাবো তৈয়বপুর এলাকার মৃত তিলা দাসের ছেলে। ভোলা পেশায় স্বর্ণ ব্যবসায়ী।
উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনির হোসেন বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। এতে চালকসহ তিনজন ছিলেন। প্রাইভেটকারটি বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এ সময় ভেতরে থাকা দু’জন বের হতে পারলেও একজন আটকা পড়ে। খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আহত দু’জনকে পুলিশ ও স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন বলেন, রাজধানীর উত্তরা থেকে প্রাইভেটকারযোগে স্বর্ণ ব্যবসায়ী ভোলা দাসসহ দু’জন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদীতে পড়ে যায়।
এ সময় গাড়ির ভেতর থেকে চালকসহ দু’জন বের হতে পারলেও আটকা পড়েন ভোলা।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






