ইসলামী ব্যাংক চাটখিল শাখা থেকে বুধবার দুপুরে ৫০ হাজার টাকা উত্তোলন করেন নোয়াখলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওমর ফারুক (৭৫)। তিনি টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার পর অজ্ঞান পার্টির একটি চক্র তাকে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে দিলে তিনি অসচেতন হয়ে যান। পরে অজ্ঞান পার্টির সদস্যরা তার সাথে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ওমর ফারুককে রাস্তায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। নোয়াখালী জেনারেল হাসপাতালেও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল পৌর শহরের ব্যাংকগুলোর সামনে এই অজ্ঞান পার্টির চক্রটি ওঁৎ পেতে থাকে। এরা নারী বা বৃদ্ধদের টার্গেট করে প্রতি মাসেই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে। ঘটনার পর মুহূর্তের মধ্যে তারা ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়। প্রতি মাসে এ ধরনের পাঁচ-ছয়টি ঘটনা ঘটে। কিন্তু পুলিশ এই চক্রকে আইনের আওতায় আনতে খুব একটা সক্রিয় নয়।

সাবেক পুলিশ কর্মকর্তাকে অজ্ঞান করে ছিনতাইয়ের ঘটনা জানতে চাইলে চাটখিল থানার ডিউটি অফিসার বলেন, বিষয়টি থানায় কেউ জানায়নি। অফিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।