পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে নড়াইল প্রেস ক্লাবের সদস্য ও দেশ টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলুকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমাজের আয়োজনে শুক্রবার দুপুরে নড়াইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে নড়াইলের পুলিশ সুপারের নির্দেশে মধ্য রাতে দেশ টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি বাবলুর ভওয়াখালীর বাসায় পুলিশের অভিযান দুঃখজনক ও নিন্দনীয়। পুলিশের সব ধরনের নিউজ বয়কট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশের দুর্নীতি ও অনিয়মের নিউজ প্রকাশ করা হবে। নড়াইল প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু বলেন, পুলিশ সুপার আমার সাথেও খারাপ আচরণ করেছেন। একজন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার সাথে কিভাবে আচরণ করতে হয়, তা তিনি ভুলে গেছেন।
অভিযোগের ব্যাপারে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, সংশ্লিষ্ট সাংবাদিক ইজিবাইক-সংক্রান্ত খবরে মিথ্যা কথা লিখেছেন। আর আমি সাংবাদিকের বাড়িতে কোনো পুলিশ পাঠাইনি। আমার অফিসে আসতে বলেছিলাম, তিনি আসেননি।