নওগাঁর মহাদেবপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই গৃহবধূ। গত বুধবার রাতের ওই ঘটনায় শুক্রবার রাতে মামলা ওই নারী থানায় লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছে বলে রোববার সংবাদ মাধ্যমকে জানায়।

উপজেলার এনায়েতপুর গ্রামের ইব্রাহিমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), মৃত ওসমান গণির ছেলে হারুন অর রশিদ (৫০) ও মৃত জহির উদ্দীনের ছেলে ফজলুর রহমানের (৩৩) বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গত বুধবার রাতে অভিযুক্তরা একই গ্রামের প্রতিবেশীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে তার ছেলে নবম শ্রেণীর ছাত্র ও তার স্বামী এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

মামলার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।