রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ।
সোমবার দুপুর ১টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকার পদ্মার মোহনা থেকে জেলে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে সাগর হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন। পরে তিনি মুঠোফোনে যোগাযোগ করে ময়মনসিংহের একজনের কাছে ২৪ হাজার টাকায় বিক্রি করে দেন।
মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। পদ্মায় বড় সাইজের কাতল মাছ খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না। স্থানীয় জেলে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়লে সে বিক্রির জন্যে ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে এলে আমি উন্মুক্ত নিলামে কিনেছি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।






