কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে শোকর্যালিসহ তার সমাধিতে জেলা প্রশাসন, কলেজ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাব, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে নীরবতা পালন, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ। বক্তারা অতিদ্রুত সময়ের মধ্যে সৈয়দ হকের সমাধিকে ঘিরে সাংস্কৃতিক বলয় নির্মাণের দাবি জানান।