পাবনার সাঁথিয়ায় ফাতেমা খাতুন মীম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী নাজমুল ও তার পরিবারের লোকদের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই গৃহবধূর শাশুড়ি রেহেনা বেগম ও ননদ শাপলা খাতুনকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চকপাটা গ্রামে।

এ ঘটনায় সোমবার রাতে মীমের বাবা আব্দুস সামাদ চারজনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ৯ মাস আগে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের দোপমাঝগ্রাম গ্রামের আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন মীমের সাথে একই উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চকপাটা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে নাজমুল হোসেন লিখনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের লাখ টাকার জন্য মীমকে বেদম মারপিট করতো স্বামী নাজমুল হোসেন লিখন। গত রোববার সন্ধ্যায়ও নাজমুল টাকা আনার জন্য ফাতেমাকে মারপিট করে। এতে ফাতেমা মারা গেলে লাশ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ওই গৃহবধূর ননদ ও শাশুড়িকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।