মিরসরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে আজিজুল হকের (৫০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার সকালে বাড়ির পুকুর পাড়ে ঘাসকাটার সময় তাকে বিষাক্ত কোবরা সাপে কামড় দিলে তিনি মারা যান।
স্বজনরা জানায়, সাপে কামড় দেয়ার পর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাপে কাটার চিকিৎসা না থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিক্যালে নেয়ার পথে দুপর ১২টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া সাপের কামড়ে আজিজুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, সাপে কাটা রোগীকে ইনজেকশন দেয়ার পর অনেক সময় রোগী অচেতন হয়ে যায়। তখন মৃত্যুও হতে পারে। তাই আইসিইউ প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ না থাকায় ইনজেকশন থাকলেও তা প্রয়োগ করা সম্ভব হয়নি।






