গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির সাথে মামলার বাদির বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বৃহষ্পতিবার দুপুরে কারাগারের ভেতরে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। হাজতি ওই বরের নাম কে এম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, ঢাকার পল্টন থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতারকৃত কে এম আক্কাস এখন কারাগারে আছেন। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ওই মামলার বাদির সাথে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতর হাজতি কে এম আক্কাসের বিয়ে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের একজন করে অভিভাবকের উপস্থিতি ও সম্মতিতে ২০ লাখ এক টাকা দেনমোহর ধার্য্য করে মামলার বাদি ও আসামির বিয়ে সম্পন্ন হয়। চলতি বছরের প্রথম থেকে কে এম আক্কাস কারাগারে বন্দি রয়েছেন।

তিনি আরো জানান, মামলার বাদির বাড়িও চট্টগ্রামে। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রেমিকাকে বিয়ে না করে আক্কাস অন্য এক নারীকে বিয়ে করেন। এ ঘটনার পর আক্কাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার প্রেমিকা (৩৫)। এ মামলায় গ্রেফতার হন আক্কাস। পরে আক্কাসকে ডিভোর্স দেন তার স্ত্রী। হাইকোর্ট ডিভিশনের স্মারক নম্বর-৩৮২৯১ তারিখ ১৯/৯/২১ মূলে এ বিয়ে সম্পন্ন করা হয়।