কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া সীমান্তে বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহত ইয়াবা কারবারির পরিচয় পাওয়া যায়নি। তবে এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও ১টি দেশীয় তৈরী বন্দুক এবং ২টি কার্তুজ উদ্ধার করেছে বলে দাবি বিজিবির। বুধবার রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহাম্মদ গতকাল বৃহস্পতিবার দুপুরে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে একদল ইয়াবা পাচারকারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় বিজিবির সদস্য অবস্থান নেয়। এ সময় ৪-৫ জনের একটি দল আসতে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করলে তারা বিজিবি’কে লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবি পাল্টা গুলি চালায়। এ সময় ইয়াবা কারবারিরা পেছনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় দিতে পারেনি বিজিবি।
গোলাগুলির ঘটনায় একজন বিজিবির সদস্য আহত হয়েছে, তাকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া রয়েছে বলে তিনি জানিয়েছেন।