চাটখিল উপজেলার এক স্কুলছাত্রীর বিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার পাত্রীর (১৫) বয়স কম হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বিয়ে বন্ধ করেন। এদিকে বাল্যবিবাহ দেয়ার কারণে স্কুলছাত্রীর বাবাকে জরিমানাও করা হয়েছে।
চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও পরকোট গ্রামের মনির হোসেনের মেয়ে মুনিয়া আক্তারের (১৫) সাথে ভাওর ভীমপুর গ্রামের নূর হোসেনের বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল শুক্রবার।
বৃহস্পতিবার দুপুরে বাল্য বিয়ের খবর পেয়ে মনির হোসেনের বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা। সেখানে গিয়ে তিনি বাল্যবিবাহ প্রতিরোধের ৮ নম্বর ধারায় মনির হোসেনের এক হাজার টাকা জরিমানা করেন এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিবাহ দিবে না মর্মে মনির হোসেন থেকে অঙ্গীকারনামা নিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেছেন।






