কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন নিদান মিয়া নামে (৫০) এক বাবা। শুক্রবার মধ্যরাতে উপজেলার স্বনির্ভর বাজার থেকে বাড়ি ফিরার পথে একটি রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দড়ি-চরিয়াকোনা এলাকার বাসিন্দা নিদান মিয়া ওই বাজার থেকে বাড়ি ফেরার পথে তার মাদকাসক্ত ছেলে হৃদয় মিয়া (২৫) তাকে এলোপাতাড়ি কোপায়। হৃদয় তার প্রথম সন্তান।
ছেলে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করার পর বাবার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে বাবাকে উদ্ধার করে প্রথমে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে শনিবার সকালের দিকে ঘাতক হৃদয় মিয়াকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন বলেন, হৃদয় মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।






