ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার রাতে মোবাইল ফোনে তিনি এ হুমকি দেন। এ ঘটনায় রাতেই ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিকরা।
হুমকির শিকার ওই তিন সাংবাদিক হলেন- ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিংবিডির প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল ও স্থানীয় পত্রিকা লোকায়নের নিজস্ব প্রতিবেদক সোহেল রানা।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে শুক্রবার সন্ধ্যায় একটি সংবাদের তথ্য সংগ্রহে যান ওই তিন সাংবাদিক। এ সময় বক্তব্যের জন্য অভিযুক্তদের বাসায় গিয়ে না পেয়ে ফিরে যান সাংবাদিকরা। তখন অভিযুক্ত এক ব্যক্তির মোবাইল থেকে ঠাকুরগাঁও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমিরুল ইসলামের পরিচয় দিয়ে বলেন, ‘আমার এলাকায় কী কাজে গিয়েছেন? বেশি বারাবারি করবেন না।’ এরপর তিনি সাংবাদিকদের গায়ের চামড়া ছিলে ফেলার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগালি এবং হত্যার হুমকি দেন।
হুমকি দেয়ার বিষয়ে মোবাইলে যুবলীগ নেতা জমিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি হত্যার হুমকির বিয়ষটি অস্বীকার করেন।
এ প্রসঙ্গে হুমকির একটি অডিও রেকর্ড আছে জানিয়ে তিন সাংবাদিক বলেন, এমন হুমকির পর আমরা মনে করছি স্বাধীন সাংবাদিকতায় তিনি ক্ষমতার দাপটে বাধার সৃষ্টি করেছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগিছি।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, এ রকম হুমকি স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। এই কাজটি অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার লক্ষেই করা হয়েছে। এর তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, সাংবাদিকদের হত্যার হুমকির বিয়ষটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






