শেরপুরের নালিতাবাড়ীতে দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন চার সন্তানের জননী। তিনি একজন উপজাতি নারী। শনিবার দুপুরে উপজেলার চারআলী বাজারে দুর্ঘটনায় নিহত ওই নারীর নাম বালিকা দিও (৪৫)।
দুর্ঘটনার সময় চালক সটকে পড়লেও এলাকাবাসী অটোরিকশাটি আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাতিপাগাড় এলাকার সংগ্রাম ম্রংয়ের স্ত্রী বালিকা দিও দুপুরে চারআলী বাজারের সড়ক ধরে বাজারে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির বেটারিচালিত অটোরিকশা পেছন থেকে তার শরীরের ওপর উঠে গেলে মারাত্মকভাবে তিনি আহত হন। স্থানীয়রা দ্রুত নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়াবিল ইউপি চেয়ারম্যান মো: ইউনুছ আলী দেওয়ান বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। মৃত বালিকা দিও পরিবারের সাথে যোগাযোগ করছি এবং বিষয়টি থানায় জানিয়েছি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



