ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলায় সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা। শনিবার দুপুরে কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, ছোট কৈখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার (৩০), তার ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও জাহানারা বেগম।
আটক ব্যক্তি ও তাদের সহযোগীদের হামলায় আহত হয়েছেন রাজাপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল হালিম তালুকদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: নূরুজ্জামান। তারা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাজাপুরের গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামে মো: ফরিদ খন্দকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকার সাথে বাড়িতে পোষা ময়না পাখিটিও নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ১৬ সেপ্টেম্বর রাজাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী।
মামলার সূত্র ধরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে পাশের কাঠালিয়া উপজেলার আবুল কালামের নাম। বিষয়টি খতিয়ে দেখতে শনিবার দুপুরে সাদা পোশাকে আবুল কালামের বাড়িতে যান দুই পুলিশ কর্মকর্তা। এ সময় বাড়ির ও আশপাশের অর্ধশতাধিক লোক পুলিশের ওপর হামলা চালায়। খবর পেয়ে বিকেলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল কালামসহ তিনজনকে আটক করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। আহত পুলিশ কর্মকর্তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’



