দিনাজপুরের হিলি স্থলবন্দরে অসুস্থ হয়ে প্রসনজিত বসু নামের ভারতীয় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে তিনি ভারতে ফিরে যাওয়ার পথে সীমান্তের জিরোপয়েন্টে মারা যান।
জানা গেছে, তিনি গত ২৯ সেপ্টেম্বর ট্রাকে ভারত থেকে আমদানিকৃত রাইস-ব্রান নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করেন।
পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানায়, মৃত ভারতীয় ট্রাকচালক প্রসনজিত বসু দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় বন্দরের অভ্যন্তরে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে রোববার সকালে ছাড়াপত্র নিয়ে তিনি ভারতে ফিরে যাওয়ার সময় সীমান্তের জিরোপয়েন্টে মারা যান।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার শামিম জানান, ভারতীয় ট্রাকচালক প্রসনজিতের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পর তার লাশ ভারতে হস্তান্তর করা হবে।
এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি।



