নরসিংদীর মনোহরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে মনোহরদীর নারান্দী বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে কটিয়াদীগামী একটি বিআরটিসি বাস ও মঠখোলা থেকে ঢাকাগামী মনোহরদী পরিবহনের একটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসের চালক নিজ আসনে আহতাবস্থায় প্রায় দুই ঘণ্টা আটকে থাকেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোহরদীর নারান্দী বাসস্ট্যান্ডের অদূরে বিআরটিসি বাসটি একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
বিআরটিসি বাসটির চালক নিজ আসনে আহতাবস্থায় দুই ঘণ্টা পর্যন্ত আটকেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায়, মনোহরদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মুক্ত করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত ১২ ব্যক্তি তাদের কেন্দ্র থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।
আহত অন্য যাত্রীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান জানান, পুলিশ বাস দুটি আটক করেছে। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।



