নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের প্রবাসী খোরশেদ আলম তার স্ত্রী জাহানারা বেগমকে তালাক দেয়ার পর থেকে তিনি জাহানারার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এক মাস আগে জাহানারাকে তালাক দেয়া হলেও জাহানারা স্বামী খোরশেদের বসতঘর দখল করে রেখেছে এবং খোরশেদ ঘরে ডুকলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে প্রবাসী খোরশেদ আলম গত মঙ্গলবার সন্ধ্যায় জাহানারাসহ চারজনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, প্রায় ৩ বছর আগে খোরশেদ আলম নোয়াখালী সদর উপজেলার পশ্চিম ষোলোকিয়ার আবদুল হকের মেয়ে জাহানারা বেগম (৪০) কে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তার স্ত্রীর সাথে তার দাম্পত্য কলহ দেখা দেয় এবং স্ত্রীর উশৃঙ্খল আচরণের কারণে তিনি গত ৫ সেপ্টেম্বর নোটারি পাবলিক নোয়াখালীর মাধ্যমে স্ত্রীকে তালাক দেন। তালাকের নোটিশ পেয়েও স্ত্রী জাহানারা স্বামীর বসতঘর থেকে বের না হয়ে তার বাবা-মা ও ভাই-বোনের সহযোগিতায় স্বামীর বসতঘর দখল করে রেখেছে। খোরশেদ আলম অভিযোগ করে বলেন, তিনি ঘরে ডুকতে চাইলে জাহানারা ধারাল বটি নিয়ে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। বর্তমানে তিনি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে জাহানারা বেগমের সাথে যোগাযোগ করলে তিনি, স্বামী হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়ার কথা অস্বীকার করে জানান তিনি তালাকের কোনো নোটিশ পাননি।