নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় তাবলিগের চিল্লায় আসা এক যুবক নিহত হয়েছেন। তার নাম আব্দুল ওয়াহাব (৩২)। তিনি নরসিংদী জেলার সোনাতলার মতিয়ার রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৬টায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চৌমুহনী বাজার মসজিদে তাবলিগের চিল্লায় অংশ হিসেবে দলের সাথে এখানে আসেন নরসিংদীর আব্দুল ওয়াহাব। সকালে বাজারে এসে দাওয়াতি কাজ করে ফেরার সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের কয়েকজনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাঁচজন তাবলিগের সাথী সড়ক থেকে ছিটকে পড়েন।

এ সময় অবস্থা বেগতিক দেখে দ্রুত পালাতে গিয়ে আব্দুল ওয়াহাবকে চাপা দেয় ট্রাকটি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আহত অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ সময় এলাকাবাসী ছুটে এসে ট্রাকসহ চালককে আটক করেছেন। চালকের নাম রুবেল (২২)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুরের বিরনগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ খবর পেয়ে চালককে আটক ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে এসেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসনাত খান জানান, আটক চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নরসিংদীতে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।