বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া বাজার এলাকার একটি বিলুপ্তপ্রায় হনুমানের দেখা মিলেছে। হনুমানটিকে দেখতে সেখানে ভিড় করেছে হাজারো উৎসুক জনতা। শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুরেও এটি দেখতে পাওয়া যাচ্ছে।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে হনুমানটি দেখার জন্য সেখানে ভিড় করে হাজারো মানুষ। লোকালয়ে আসা হনুমানটি দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়লে হনুমানটি দৌড়ে পাশের একটি মোবাইল ফোনের টাওয়ারে উঠে। শনিবার সকাল পর্যন্ত হনুমানটিকে টাওয়ারেই দেখা গেছে।
সহকারী বন সংরক্ষক আল মামুন জানান, হনুমানের খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। হনুমানটিকে উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চলছে। এটিকে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।
বন বিভাগের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় বলেন, এ হনুমান নির্দিষ্ট জায়গায় অবস্থান করে না। কখনো নিয়ামতি, কখনো নলসিটি ও মহেশপুর এলাকায় এটি অবস্থান করে। একেক সময়ে একেক স্থানে ছোটাছুটি করায় একে ধরা সম্ভব হচ্ছে না। তবে প্রাণীটিকে উদ্ধার করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে একে বরগুনার বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।






