পাবনার সুজানগর উপজেলার দ্বিতীয় ধাপে ১০ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের ১০ প্রার্থী চূড়ান্ত হয়েছে। মাঠে নেই বিএনপি, জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে পাবনা জেলার সুজানগর উপজেলার ওই ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এখন আওয়ামী লীগ প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা।

এ দিকে মাঠে নেই বিএনপি। আর দলীয় মনোনয়ন পাবার ও সমর্থনের আশায় মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন জাতীয় পার্টির প্রত্যাশীরা।

বিএনপির নেতারা বলছেন, কেন্দ্রের নির্দেশার দিকে তাকিয়ে সাড়া পাবার অপেক্ষায় রয়েছেন তারা। এ ছাড়া জাতীয় পার্টিরও বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন। তবে অন্য কোনো দলের সম্ভাব্য প্রার্থীদের এখনো মাঠে দেখা যায়নি।

ইউপিন নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও উপজেলার ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাটিয়ে ভোট চাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে উপজেলার ১০টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় আওয়া লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে নতুন মুখ বেছে নিয়েছে দলটি। অপর ৭টি ইউনিয়নে পুরনোদের ওপরেই ভরসা রেখেছে আওয়ামী লীগ।

নৌকার প্রার্থী হিসেবে যাদের নাম চূড়ান্ত করা হয়েছে তারা হলেন- ভায়না ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, মানিকহাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, নাজিরগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, সাগরকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহীন চৌধুরী, হাটখালী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুর রউফ, রাণীনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জি এম তৌফিকুল আলম পীযূষ, আহম্মদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, দুলাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, ও তাঁতীবন্দ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা।

উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। ২০ অক্টোবর মনোনয়ন বাছাই। প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর ও নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।