পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত স্কুলছাত্রী জান্নাতি আক্তারকে উদ্ধারে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে ভিকটিম পরিবার। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবে কান্নাভেজা কণ্ঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিখোঁজ ছাত্রীর বাবা মো: মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ভিকটিম শিশুর মা মোসা: রাবেয়া বেগম, চাচি আকলিমা বেগম, ফুপু জিন্নাত জাহান ও মামা লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: লতিফ।

লিখিত বক্তব্যে বাবা মশিউর রহমান বলেন, ’আমার মেয়ে লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতি আক্তার গত ২২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে এসাইনমেন্ট আনার জন্য বাড়ি থেকে স্কুলে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। এ ঘটনায় ২৩ আগস্ট কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করি।’

এ সময় তিনি আরো বলেন, ১ সেপ্টেম্বর কলাপাড়া থানায় রাব্বিকে প্রধান আসামি করে সাতজনের নামে অপহরণ মামলা দায়ের করি। মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করে। ১ মাস ৫দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামিরাসহ মামলা প্রত্যাহারের জন্য আমার পরিবারের সদস্যদের ভীতি প্রদর্শন করছে। অথচ অপহরণের ১ মাস ১৭ দিনেও উদ্ধার হয়নি আমার অপহৃত মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এসআই মো: জাকির বলেন, ’মামলা দায়েরের পর এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। ভিকটিমকে উদ্ধারসহ এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।