পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করায় জনতার হাতে আটক বাউফল থানার এএসআই রফিকুল ইসলামকে পটুয়াখালীর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। শনিবার তাকে ক্লোজ করা হয়। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২) বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরের প্রবেশ করেন। কিছু সময় ওই নারীর সাথে কাটানোর পর ঘর থেকে বেড় হয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে আটক করে।

একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় ওই এএসআই এ থেকে রেহাই পেতে স্থানীয় কয়েক যুবকে বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা লেনদেন করেন। পরে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনা জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার সাথে সাথে ওই এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বাউফল থানার ওসি আল মামুন ঘটনার বলেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তবে নারী অভিযোগ না করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না।