প্রায় দেড় মাস আগে নিখোঁজ এসআই আনোয়ার হোসেন সন্ধান এখনো মেলেনি। পরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তত স্ত্রী নাজমা সুলতানা। স্বামীকে জীবিত অবস্থায় ফিরে পেতে পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে পটুয়াখালী প্রেস ক্লাবে শনিবার সংবাদ সম্মেল করেছেন পুলিশ কর্মকর্তা অনোয়ার হোসেনের স্ত্রী নাজমা সুলতানা।
নাজমা সুলতানা জানান, তার স্বামী আনোয়ার হোসেন পটুয়াখালীর সবুজবাগ এলাকার বাসিন্দা। বরিশালের কাউনিয়া থানায় কর্মরত থাকা অবস্থায় গত ১ জানুয়ারি তাকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় বদলি করেন তৎকালীন বরিশাল পুলিশ কমিশনার। পরে পুলিশ কমিশনারের কাছে ওই বদলির আদেশ বাতিল চেয়ে মেসেঞ্জারে আবেদন করায় পুলিশ কমিশনার রাগ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরে আনোয়ার হোসেন রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় যোগ দেন। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ায় আরো অসুস্থ হয়ে পড়লে রাঙ্গামাটি পুলিশ সুপার তাকে ১৭ আগস্ট কুমিল্লা জেলায় বদলি করে ছাড়পত্র দেন। সেখান থেকে ২১ আগস্ট তিনি বরিশালে ভাড়া বাসায় এসে স্ত্রী-সন্তানদের সাথে সময় কাটান। চার দিন পর ২৬ তারিখ বিকেলে তিনি নিখোঁজ হন।



