বিশ^বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইলে এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে সংগ্রহশালা চত্বরে কুরআনখানি, কবরে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুণ্ডু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ প্রমুখ।
এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলে তাকে দাফন করা হয়। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন সুলতান।
জীবনের বিভিন্ন সঙ্কট কাটিয়ে হয়ে ওঠেন আন্তর্জাতিক চিত্রশিল্পী। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে ‘একুশে পদক’, ‘স্বাধীনতা পদক’, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউ ইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’, এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’, ‘রেসিডেন্ট আর্টিস্ট’ পুরস্কার, ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’সহ বিভিন্ন খেতাবে ভূষিত হন তিনি।



