কুড়িগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম পর্বের সিভিল টেকনোলজির মেধাবী ছাত্রী তানিয়া আক্তার তুলির হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সহপাঠিরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ সেপ্টেম্বর জেলার রাজারহাট উপজেলার টগরাই হাট এলাকায় ঘুরতে গিয়ে তানিয়া আক্তারকে অটোরিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তার বখাটে প্রেমিক সোহাগ। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করে। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হলেও অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, কুড়িগ্রাম পৌর শহরের পাঠান পাড়া এলাকার তৈয়ব আলীর মেয়ে ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী তানিয়া আক্তারের (তুলি) সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই এলাকার আবদুল হাকিমের ছেলে সোহাগের। গত ৩০ সেপ্টেম্বর তানিয়া আক্তারকে ঘুরতে নিয়ে যায় বখাটে প্রেমিক সোহাগ। এর একপর্যায়ে গিয়ে রাজারহাটের টগরাই হাট এলাকায় একটি ব্রিজের ওপর অটোরিকশা থেকে তানিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায় সোহাগ।
এ ব্যাপারে রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, আসামি ধরতে জোর তৎপরতা চলছিল। পরে জানতে পারলাম যে তানিয়া হত্যা মামলার আসামি রোববার আদালতে আত্মসমর্পণ করেছে।