নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার একান্ত সহযোগী পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ ওরফে হামিদের (২৮) নেতৃত্বে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে বসুরহাট পৌরসভা ভবনের দক্ষিণ গেটে মোশারফ হোসেন ডায়াবেটিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
আহত সাংবাদিকের নাম নাসির উদ্দিন (৪৩)। তিনি দৈনিক ঢাকা প্রতিদিন ও আঞ্চলিক দৈনিক নোয়াখালী প্রতিদিনের কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
সাংবাদিক নাসির উদ্দিন বলেন, ‘বসুরহাট পৌরসভার দক্ষিণ গেটের মোশারফ হোসেন ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে আমি বসে ছিলাম। এ সময় যুবলীগ নেতা হামিদ তার কয়েকজন সহযোগী নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেন আমি তার বিরুদ্ধে ফেসবুকে কী লিখেছি। তখন আমি তাকে বললাম কী লিখেছি বল? সে বলে তার ফেসবুক অ্যাকাউন্ট কয়েক দিন আগে হ্যাক করে লেখা হয়, রাজনীতি থেকে বিদায় নিলাম, সবাই আমাকে ক্ষমা করবেন। আপনি ওই স্ট্যাটাসের নিচে কমেন্টস করেন, কিগো আর রাজনীতি করবা না, অনেক করেছো। ফেসবুক কমেন্টস নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হামিদের নেতৃত্বে ১০-১২ জন আমার ওপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হয়।
সাংবাদিক নাসির আরো বলেন, কোম্পানীগঞ্জে কারো ওপর হামলা চালাতে সুনির্দিষ্ট কোনো কারণ লাগে না। এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার ছেলে আমাকে বিচারের আশ্বাস দিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুদ্দিন আনোয়ার জানান, বিষয়টি তিনি শুনেছেন। থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি।






