বিয়ে হয়েছে মাত্র সাত দিন। এখনো শুকায়নি নববধূর হাতের মেহেদির রঙ। এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। গভীর রাতে শ্বশুরবাড়িতেই আত্মহননের পথ বেছে নিলেন গৃহবধূ।
এই নববধূর নাম পলি আক্তার (১৯)। তিনি চাটখিল উপজেলার রুহিতখালী গ্রামের রিফুজী বাড়ির শাহ আলমের স্ত্রী ও উপজেলার ধর্মপুর গ্রামের মাইঝের বাড়ির মো: বাবুলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর পলির সাথে শাহ আলমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের মাত্র সাত দিন পরই ওই গৃহবধূ শ্বশুর বাড়িতে গভীর রাতে আত্মহত্যা করেন। কিন্তু কী কারণে একজন নববধূ এমনটি করেছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।
এ ব্যাপারে খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইকবাল হোসেন জানান, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।’






