হারিয়ে যাওয়া ১১ বছরের তৃষ্ণা ফিরে পেয়েছে মায়ের কোল। মেয়েকে ফিরে পেয়ে মা কাকলী বেগমসহ পরিবারের সদস্যরা এখন মহাখুশি। হারিয়ে যাওয়া তৃষ্ণাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে রাজবাড়ী থানা পুলিশ।

রোববার বিকেলে তৃষ্ণার মা ও ফুপা শফিফুল ইসলাম মুন্সি ও রফিকুল ইসলাম মুন্সির হাতে তাকে তুলে দেয়া হয়েছে।

রাজবাড়ী থানার ওসি সাহাদাত হোসেন জানান, গত শনিবার রাত ৯টার দিকে তৃষ্ণাকে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সাবেক খোরশেদ চেয়ারম্যানের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখে তাকে উদ্ধার করে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা। পরে শিশুটির পরিবারের সদস্যদের সংবাদ দেয়া হয়।

তৃষ্ণার ফুপা শফিকুল ইসলাম মুন্সি বলেন, ৫ দিন আগে তৃষ্ণা তার ফরিদপুরের ভাঙ্গার বাসায় বেড়াতে আসে। বেড়ানো শেষে শনিবার দুপুরে তৃষ্ণাকে একটি বাসে তুলে দেন নিজ বাড়ির সামনে নামার জন্য। এর পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না।

তৃষ্ণার মা কাকলী বেগম জানান, তিনি দুই কন্যা সন্তানের জননী। তার স্বামী আজাদ মুন্সি কয়েক বছর আগে মারা গেছেন। তৃষ্ণা তার ছোট মেয়ে। স্থানীয় একটি মাদরাসায় সে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে। তৃষ্ণার ফুপা শফিকুল ইসলাম মুন্সি তৃষ্ণাকে বাসে তুলে দিয়েই তাকে ফোন করে ও বাড়ির সামনে বাসে থেকে তৃষ্ণাকে নামিয়ে রাখতে বলেন। তবে তৃষ্ণাকে আর পাওয়া যাচ্ছিল না।

রোববার সকালে রাজবাড়ী থানা থেকে ফোন করে তৃষ্ণাকে পাওয়ার বিষয়টি জানানো হয়। এজন্য তারা রাজবাড়ী থানায় এসে তৃষ্ণাকে নিয়ে যেতে এসছেন।

মেয়ে তৃষ্ণাকে ফিরে পেয়ে রাজবাড়ী থানার ওসিসহ অন্য পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মা কাকলী বেগম।