নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওই হাজতির নাম বদিউল আলম (৭৬)। তিনি সেনবাগের কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। তিনি সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে বদিউল আলম কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম।






