কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে থাকা গাছের সাথে একটি ট্রাকের ধাক্কায় ওই গাড়ির হেলপার নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের হেলপার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ তৈয়ব (২০) ও আহত ট্রাকচালকের নাম মোহাম্মদ হাসান (৩০) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কক্সবাজারমুখী একটি ট্রাক হিজলিয়া স্টেশনের বাম পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাছটি ভেঙ্গে উপড়ে যায়। ট্রাকের ভেতরে আটকে থাকা দু’জনকে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা।

পরে খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে। ক্রেনের সাহায্যে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় একজনকে জীবিত ও অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি। গুরুতর আহত অবস্থায় ট্রাকের ড্রাইভারকে জীবিত উদ্ধার করতে পারলেও দীর্ঘক্ষণ চেষ্টার পর হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’

আহত ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহত হেলপারের লাশ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা-পুলিশের হেফাজতে দেয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।