নোয়াখালীর চাটখিলে প্রাণিসম্পদ কার্যালয় ২০ বছর ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়েই চলছে। ফলে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না এলাকাবাসী। কার্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি কোনো সংস্কার হয়নি।
উপজেলা সদর থেকে ৪ কিমি দূরে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে কোনো সংস্কার হয়নি। বৃষ্টি হলেই ভিতরে পানি পড়ে। কার্যালয়ে ঢোকার রাস্তাটি বাঁকা হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই থাকে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বাউন্ডারি ওয়ালের নিচের মাটি সরে যাওয়া ওয়ালের নিচ দিয়ে বহিরাগতদের প্রবেশ চলছে অবাধে। এতে নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। এখানে অফিসারদের থাকার পরিবেশ না থাকলেও বাধ্য হয়ে থাকতে হচ্ছে। না থাকলেও মাসিক বেতন থেকে বাসা ভাড়া দিতে হয়। পানি ব্যবহারের কোনো ব্যবস্থা নেই, বহিরাগতদের নিয়মিত আড্ডায় কার্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। প্রতিদিন শতাধিক পশুপালনকারী সেবা নিতে আসে। কার্যালয়ে ১১টি পদের মধ্যে দীর্ঘ দিন থেকে প্রাণিসম্পদ কর্মকর্তার পদসহ ৬টি পদ শূন্য।
এই কার্যালয়ের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল আহসান পিন্ট বলেন, এই জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: সাইদুর রহমান বলেন, উপজেলা সমন্বয় সভায় এসব সমস্যা অবগত করা হয়েছে এবং উদ্বোধন কর্তৃপক্ষকে সব সমস্যার বিষয়ে জানানো হয়েছে। তবে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।