কুমিল্লার দেবিদ্বারে জমিসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে প্রতিপক্ষের হামলায় সাহেনা বেগম হত্যা মামলার প্রধান আসামি সাবেক মেম্বার বজলু হাইকোর্ট থেকে আগাম জামিন না পেয়ে কুমিল্লা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এলাকায় এসে মামলার বাদিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ১২ অক্টোবর দেবিদ্বার থানায় তিনি সাধরণ ডায়েরি করেছেন।
মামলার বাদি জসীম উদ্দিন বাদি জানান, তারা মায়ের হত্যার মামলায় বজলু মেম্বারসহ ১৫ জনকে অভিযুক্ত করে তারা মামলা দায়ের করেন। পরে দেবিদ্বার থানা পুলিশ মামলার ২ নম্বর আসামি সাবেক মেম্বার বজলুর ছেলে হুমায়ুন কবীরকে আটক করে জেল হাজতে পাঠায়। সে এখন জেল হাজতে রয়েছে। কিন্তু মামলার প্রধান আসামি বজলু মেম্বার দীর্ঘ দিন পলাতক থাকায় তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তিনি গত ১৬ সেপ্টেম্বর আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। এরপর তাকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেয়া হয়। তিনি গত ১৩ অক্টোবর কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাকে ম্যাজিস্ট্রেট জামিন দেন।
মামলার বাদি জসিম উদ্দিন আরো জানান, আমার মায়ের হত্যা মামলার প্রধান আসামি বজলু মেম্বার জামিনে এসে আমাদের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি বলেন, ২ নম্বর আসামি এখনো জেলে আছে; কিন্তু প্রধান আসামিকে জমিন লাভ করায় আমরা নিরাপত্তাহীনতায় আছি।