রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভগ্নিপতির ভ্যান থেকে সড়কের পাশে পড়ে মিজানুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে পাকা রাস্তা থেকে পিছলে ভ্যান পাশে পড়ে যায়।
সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুর রহিম মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিজানুর রহমান, বোন প্রিয়া খাতুন, ভগ্নিপতি শামীম ভ্যানযোগে নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের জনৈক কবিরাজ ওমর ফারুকের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে গড়াই নদী দেখতে যায়। সোনাকান্দর গ্রামে ভ্যানের সামনের চাকা পিছলে গেলে ভ্যানটিসহ তিনজনই রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে মিজানুর রহমান গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



