নোয়াখালীর চাটখিলে ভাড়াটিয়া সেজে বাসা ভাড়া নিয়ে চুরি করা শিশু মরিয়মকে (২) সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অভিযুক্ত মুন্নি আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ। মুন্নি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ঝাউগঞ্জ গ্রামের মুসফিকের মেয়ে। গত মঙ্গলবার রাতে ঝাউগঞ্জ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভায় একটি ভাড়াবাসায় বসবাস করে আসছেন। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার আগে তিনি শিশু মরিয়মকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যান। এ সুযোগে মুন্নি আক্তার তার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে পুলিশ শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত নারীকে গ্রেফতার করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (চাটখিল-সোনাইমুড়ী সার্কেল) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নারীকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।