রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদরাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে অফিস সহকারীর লকারে থাকা নগদ টাকা চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো জরুরি ফাইলপত্র খোয়া গেছে কিনা তা এখনো জানা যায়নি। চুরির ঘটনায় মাদরাসার অধ্যক্ষ মো: আব্দুর রশিদ বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়রি করবেন বলে জানিয়েছেন।

চুরির ঘটনায় মাদরাসার নৈশ প্রহরী মোঃ আব্দুস ছালাম জানান, আমি বুধবার রাত ১০টা পর্যন্ত মাদরাসায় ছিলাম। আমার স্ত্রী অসুস্থ্য থাকায় ১০টার পর বাড়ি চলে যাই। ভোর রাতে মাদরাসায় এসে অধ্যক্ষ ও অফিস সহকারীর রুমের তালা ভাঙা দেখে অধ্যক্ষকে ফোন দিয়ে অবহিত করি। তিনি তাৎক্ষণিক আসেন ও চুরির বিষয়টি দেখেন।

শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মো: আব্দুর রশিদ বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার অফিসের কাজকর্ম শেষ করে বিকালে বাড়িতে যাই। ভোর রাত্রে মাদরাসার নৈশপ্রহরী মোঃ আব্দুস ছালাম ফোন করে তালা ভাঙার খবর দেয়। আমি ফজরের নামাজ আদায় করে মাদরাসায় এসে চুরির ব্যাপারটি দেখতে পাই এবং তাৎক্ষণিকভাবে মাদরাসার পরিচালনা পর্ষদ সভাপতিকে এ বিষয়টি সম্পর্কে অবগত করি। তিনি সকালে মাদরাসায় এলে এ তালা ভাঙার বিষয়টি দেখেন।

তিনি আরো বলেন, নৈশপ্রহরী আব্দুস ছালামকে এ মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী মুনসুর খান ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। পরে আমি মাদরাসার শিক্ষকমণ্ডলী, মাদরাসা পরিচালনা পর্ষদ কর্তৃপক্ষ ও স্থানীয় চেয়ারম্যান এর সাথে আলাপ করে বালিয়াকান্দি থানায় চুরির ঘটনায় সাধারণ ডায়রি করবো। তিনি বলেন, মাদরাসার দু’টি তালা ভেঙে আমার স্টিলের আলমারি ভাঙা হয়েছে, টেবিলের ড্রয়ার ভাঙা হয়েছে। অফিস সহকারি বসির আহম্মেদের লকারে থাকা নগদ ১২শ’ টাকা চুরি হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র খোয়া গেছে কিনা তা এখনো স্পষ্ট নয়।