পটুয়াখালীর বাউফলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে। উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার জানা গেছে।

শিশুটির মা বলেন, তার ফুপাতো ভাইয়ের ছেলে মো: মিরাজ খান (১৫) বুধবার সন্ধ্যায় তার সাত বছর বয়সি মেয়েকে ফুসলিয়ে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় এক প্রতিবেশী দেখে চিৎকার দিলে মিরাজ তাকে মারধর করে। ওই রাতেই তার মেয়েকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক আলকাস বলেন, ‘ধর্ষণের শিকার শিশুটির মা আমাকে বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন। তাকে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওই কিশোরকে আসামি করে বাউফল থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’