ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ এলাকায় পারভেজ ফকির (২৪) নামে একজন ভ্যানচালককে হত্যার পর ১৪ দিনের মধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও চারজনকে গ্রেফতার করেছে। একইসাথে হত্যার পর ভ্যানগাড়ি ছিনতাইয়ের রহস্য উম্মোচন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে ভাঙ্গা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটকরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের নুরু মুন্সীর ছেলে আজিজুল মুন্সী (২২), শরীফকান্দি গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর (২৩), ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত রতন শেখের ছেলে আব্দুল শেখ (২৫) ও ছিলাধরচর গ্রামের সামছু শেখের ছেলে ফজল শেখ (২৩)।

নিহত ভ্যানচালক পারভেজ মাদারীপুর জেলার শিবচরের চরজানাজাত ইউনিয়নের ফকির রনাই মুন্সীকান্দি গ্রামের বাবুল ফকিরের ছেলে।

পুলিশ গত ১৪ অক্টোবর নাসিরাবাদ গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ভাঙ্গা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে ছিলেন নিহতের বাবা।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে প্রযুক্তির মাধ্যমে অব্স্থান শনাক্ত করে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আজিজুল ও হৃদয়কে খুনের সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে ও অন্য দু’জনকে নিহতের ভ্যানটি ক্রয় বিক্রয়ে জড়িত থাকায় গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, হত্যায় জড়িতরা মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতেই তারা ভ্যানচালক পারভেজকে ফুসলিয়ে নাসিরাবাদে নিয়ে হত্যা করে তার মোবাইল ফোনটি পাশের ডোবায় ফেলে যায়। এরপর ভ্যানগাড়িটি বিক্রি করে দেয়।