নোয়াখালীর চৌমুহনীসহ সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ওপর ঘটে যাওয়া ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার বিষয়ে বিবিসিকে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
শনিবার বিকেলে চৌমুহনী ইসকন কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসি বাংলাকে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছেন পরিষদের নেতারা। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তারা।
এ সময় তারা বলেন, ‘আমরা মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো আপনি চৌমুহনীতে এসে দেখে যান ঘটনার ভয়াবহতা। আর কী হলে আপনি স্বীকার করবেন মন্দিরে ভাঙচুর হয়েছে ও মানুষ খুন হয়েছে? আপনার এই বক্তব্য আমাদের ব্যথিত ও মর্মাহত করেছে।’
তারা মন্ত্রী মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে বিবিসি বাংলায় দেয়া তার বক্তব্য প্রত্যাহার ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সহযোগিতাসহ ক্ষতিগ্রস্ত মন্দির ও অসহায় লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব পাপ্পু সাহা, পরিষদের নোয়াখালী জেলার আহ্বায়ক বিনয় কিশোর রায়, অরবিন্দ, মৃত যতন সাহার স্ত্রী লাকী সাহা, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দাস, ইসকনের অধ্যক্ষ রসপ্রিয় দাস অধিকারী, তাপস সাহা প্রমুখ।



