করোনা সংক্রমণ কমে আসায় দীর্ঘ দেড় বছর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে।

রোববার দুপুরে নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো: দিদার-উল-আলমের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়। ফলে দেড় বছর পর ফের হলে ফেরার সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম বলেন, করোনা সংক্রমণ কমে আসায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হলো। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা এখন হলে প্রবেশ করবে। এ সময় হল খোলার পর শিক্ষার্থীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করেন ভিসি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নোবিপ্রবির প্রোভিসি অধ্যাপক ড. মো: আবদুল বাকী, ট্রেজারার অধ্যাপক ড. মো: ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি ড. মো: আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মো: মাজনুর রহমান, আইআইএসের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মো: মেহেদী হাসান রুবেলসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছেনে তাদের টিকা কার্ড ও হলের পরিচয়পত্র দেখে হলে প্রবেশ করতে দেয়া হচ্ছে বলে জানান প্রোভিসি অধ্যাপক ড. মো: আবদুল বাকী।